মানিকগঞ্জের ঘিওরে একটি ডাকাতি মামলায় নতুন করে অটল রাজবংশীকে আসামি করার দাবি উঠেছে। মামলার বাদীপক্ষের অভিযোগ, এসএসসি পরীক্ষার্থী সাক্ষী পূজা রাজবংশীকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের ২৮ মে রাইচরণ রাজবংশী ঘিওর থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮২ ধারায় মামলা করেন। পরে ৩০ সেপ্টেম্বর তা সংশোধন করে ৩৯২ ধারায় রুজু করা হয়। মামলায় তপন সরকার ও তপন ঋষিসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাক্ষ্য দেওয়ার পর পূজা রাজবংশীকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তার মা ২০২৫ সালের ৬ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে আদালতের নির্দেশে বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে ওঠে। সেখানে অটল রাজবংশী অভিযোগ স্বীকার করেছেন বলে দাবি সংশ্লিষ্টদের। চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে ডাকাতির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, রূপা ও নগদ অর্থ এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে বাদীপক্ষ। এ অবস্থায় অটল রাজবংশীকেও মামলার এজাহারভুক্ত আসামি করার দাবি তাদের।

