মানিকগঞ্জের সিঙ্গাইরে কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ এপ্রিল)দুপুরে উপজেলার হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কাঞ্চননগর, খোলাসুর, পানিশাইল ও ভূমদক্ষিণ এই চার গ্রামের মানুষের জন্য কবরস্থানটি ব্যবহার করা হয়। সম্প্রতি কবরস্থান উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মাটি ভরাটের উদ্যোগ নেয় কবরস্থান কমিটি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানে মাটি ফেলা নিয়ে সুরক্ষিরা এলাকার হাজী শহীদুল ইসলামসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তার কাছে ২ হাজার টাকা দেওয়া হয়। এরপরও তিনি আরও টাকা দাবি করেন।
এ বিষয়ে থানা পুলিশ ও ইউএনও বরাবর সুতক্ষীরা এলাকার হাজী শহীদুল ইসলাম, মেহেদী হাসান, মোবারক হোসেন, রামকান্তপুর এলাকার লিটন মাহমুদ এবং মধুরচর এলাকার কোহিনুর মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ইয়াছীন মিয়া একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বক্তারা বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানে উন্নয়ন কাজে বাধা ও চাঁদা দাবি অগ্রহণযোগ্য। দ্রুত এর সুষ্ঠু সমাধান চান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয় মো. হারুন, মো. ইয়াসীন, মো. মমিন, কোহিনূর, কালা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা কবরস্থানের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।
এদিকে মানববন্ধন চলাকালে হাজী শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে কিল-ঘুষি দেয়। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।

