মঙ্গলবার

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত বেড়ে ৫২

🕙 প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ । ৬:১৯ পূর্বাহ্ণ

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‘এক ঝাঁক ড্রোন’ ব্যবহার করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই তারা এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আহত হয়েছেন অন্তত ১৫৪ জন। এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ জন নিহত ও ১৪৯ জন আহতের তথ্য দিয়েছিল।

লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্যমতে, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপনগরীতে টানা বোমাবর্ষণের কারণে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার না হলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ