ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক সহযোগী। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
শনিবার ইরানজুড়ে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
হামলার পরপরই গুজব ছড়িয়ে পড়ে যে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে সর্বশেষ তার উপদেষ্টা এ দাবি নাকচ করে বলেন, “আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে আছি। তিনি সুস্থ আছেন, সবকিছু ঠিক আছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হন। নিহতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন।
তিনি বলেন, আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন হামলার শিকার হওয়া ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। তবে সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
এদিকে দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যে আহমাদিনেজাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

