সোমবার

২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি বিস্ফোরণ, নিরাপত্তা সতর্কতা জারি

🕙 প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ । ৯:১৩ পূর্বাহ্ণ

কুয়েতে মার্কিন দূতাবাসের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

জানা গেছে, কুয়েতে গত কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বিস্ফোরণের পর কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটিতে থাকা মার্কিন দূতাবাস। এক বার্তায় দূতাবাস কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নিজ বাড়িতে অবস্থান করলে সবচেয়ে নিচ তলা বা মাটির নিচের বাঙ্কারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানালার কাছ থেকে দূরে থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মিসাইল হামলার আশঙ্কার কথা উল্লেখ করে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

অন্যদিকে আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল আহমাদি কারখানায় ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে। এতে দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ