বাহরাইনের মুহাররাক গভর্নরেটে অবস্থিত একটি জ্বালানি স্থাপনার ট্যাংক লক্ষ্য করে ইরান অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলার পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় থাকা জ্বালানি ট্যাংককে লক্ষ্য করে ইরান এই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। ঘটনাটির পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুহাররাকের তিনটি এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্ভাব্য ধোঁয়ার প্রভাব থেকে সুরক্ষার জন্য বাসিন্দাদের জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখতেও বলা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চলছে।
এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৩ দিনে গড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন আরও হাজারের বেশি মানুষ।
তবে এখনো যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং পরিস্থিতি আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

