বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তেহরানে হামলার ধাক্কা, ক্ষতিগ্রস্ত ৩৩ হাজার বাড়ি; পুনর্বাসনে চাপে নগর কর্তৃপক্ষ

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ১১:১৬ পূর্বাহ্ণ

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর অনেকগুলোরই আংশিক মেরামত প্রয়োজন হলেও কিছু ক্ষেত্রে সম্পূর্ণ পুনর্নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

মোহাম্মদখানি বলেন, “অনেক বাড়িতে কাঁচ, দরজা ও জানালা ভেঙে গেছে, আবার কিছু ভবনে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে, যেগুলো পুনর্নির্মাণ ছাড়া উপায় নেই।”

হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে বহু পরিবারকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ১ হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র চলে গেছে। এছাড়া প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে শহরের ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় পৌর কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৪ হাজারের বেশি বাড়িতে মেরামতের কাজ শুরু হয়েছে, যা পৌরসভার নিজস্ব তহবিল এবং আর্থিক সহায়তার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

নগর কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হওয়ায় পুনর্বাসন ও সংস্কার কার্যক্রম চালাতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ