চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিলম্ব ফিসহ এই সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ৩১ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করবে।
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হওয়ার কথা ছিল ২৯ মার্চ। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানো হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

