মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে অবৈধ ইটভাটা উচ্ছেদ ও তিন ফসলি জমি রক্ষার দাবিতে কৃষকদের মানববন্ধন

🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ৫:৪৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চক চান্দহর ঢালিপাড়া এলাকায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা এবং পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুর রহমান আলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুর রহমান আলাল, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান দুলাল, স্থানীয় হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন, চান্দহর ইউনিয়ন হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আবু আম্মার লিটন দেওয়ান, নাগর আলী, আবু বক্কর, আরিফ হোসেন, শুকুর খান, আলী আকবর, ভুক্তভোগী ইদ্রিস আলী ও আবিদা সুলতানা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এতে উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। পাশাপাশি এলাকায় গড়ে ওঠা কয়েকটি অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ইটভাটার কারণে ধানসহ বিভিন্ন ফসল ও গাছপালার ক্ষতি হচ্ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, প্রশাসনের অভিযান অনেক ক্ষেত্রেই লোক দেখানো পর্যায়ে সীমাবদ্ধ থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। দ্রুত অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং কৃষিজমি থেকে মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় স্থানীয় সংসদ সদস্য ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তারা এলাকায় মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন চান্দহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তৈয়ব আলী, যুবদল নেতা মো. আতিকুর রহমান হেলাল, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, ইকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন থেকে অবৈধ ইটভাটা উচ্ছেদ, কৃষিজমি রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ