আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে দলটিতে যোগ দেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে শুক্রবার সন্ধায় মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি গোলাম গাউছ মিয়া, ধল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি আব্দুল হালিম ও সদস্য আব্দুল কুদ্দুসের নেতৃত্বে দলটির শতাধিক কর্মীসমর্থক বিএনপিতে যোগ দেন। তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি বিশিষ্ট ইকবাল হোসেন শামীম।
যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে বুঝেশুনে স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন বলে জানান তাঁরা।
পরে ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম।
উপজেলা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ফজিরুন বেগম, হাসিনা বেগম, মালেক মুন্সী, নয়ন, মুল্লুক চান, আফাজুদ্দীন, মো: শাহীন, ময়ুরজান, শামসুল হক ও মহর আলী প্রমূখ।
এসময় সাবেক ইউপি সদস্য তমিজউদ্দীন ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক কর্মীসমর্থকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিংগাইরে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী
🕙 প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:০২ অপরাহ্ণ

