বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ মাফিজুলের, থেমে গেল বিদেশ যাওয়ার স্বপ্ন

🕙 প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ । ৯:০১ পূর্বাহ্ণ

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মাফিজুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফিজুল ইসলাম দুলালপুর ইউনিয়নের মানিকদী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের সিফাত মিয়া (২৫) ও মনোয়ারা বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, মাফিজুল ইসলাম ও সিফাত মিয়া মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী পলাশ উপজেলার চরসিন্দুরে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে রাস্তা পার হওয়ার সময় মনোয়ারা বেগমের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা প্রাচীরে আঘাত করে এবং তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে মাফিজুল ইসলাম মারা যান।

আহত সিফাত মিয়া জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পিতা আবুল হোসেন জানান, তার ছেলে বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল। প্রতিদিনের মতো সেদিনও সে প্রশিক্ষণে যাচ্ছিল। “হঠাৎ খবর পাই, আমার ছেলে দুর্ঘটনায় মারা গেছে,” বলেন তিনি।

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বলেন, “আমি অফিসে ছিলাম। বাইরে শব্দ শুনে বের হয়ে দেখি তিনজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে জানতে পারি, একজন মারা গেছে।”

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার বিষয়ে খবর পাওয়া গেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ