মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে চারটি ড্রেজার, দুটি বাল্কহেড জব্দ এবং ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ছয় কোটি টাকা মূল্যের চারটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে জড়িত ২০ জন কর্মীকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া একজন ব্যক্তি বালু উত্তোলনের সঙ্গে জড়িত না থাকায় তাকেও মুক্তি দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, কোস্ট গার্ডের অভিযানে তেওতা যমুনা নদী থেকে ২০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং একজন দর্শনার্থী হওয়ায় তাকেও মুক্তি দেওয়া হয়েছে। আটক থাকা ১৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, জব্দকৃত চারটি ড্রেজার ও দুটি বাল্কহেড পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

