কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, নিহত প্রবাসীর মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া এবং দাফনের যাবতীয় খরচ সরকার বহন করবে। এ সময় তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সরকার তা দেখবে এবং পাশে থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ চায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ হোক এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সৃষ্ট সংকটের সমাধান হোক।
কিরগিস্তানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, যুদ্ধের কারণে যারা প্রাণ হারাচ্ছেন, তাদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার সচেষ্ট রয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে। যারা কর্মরত ছিলেন, তারা যাতে আবার কর্মস্থলে ফিরতে পারেন, সে লক্ষ্যে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা কর্ম হারিয়ে দেশে ফিরেছেন, তাদের পুনর্বাসনের পাশাপাশি যারা পুনরায় বিদেশে যেতে চান, তাদের সুযোগ তৈরি করতেও সরকার কাজ করছে। বিদেশে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির বিষয়েও উদ্যোগ অব্যাহত রয়েছে।

