ভোটের দিন কোন বিভাগে আবহাওয়া কেমন থাকবে, এ নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এলাকায় তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকতে পারে। আর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। তবে দেশের কোনো এলাকায়ই বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরু থেকেই আবহাওয়া মোটামুটি শুষ্ক আছে। বৃষ্টি নেই বেশ কিছুদিন হলো। এ মাসে এখন পর্যন্ত শৈত্যপ্রবাহও হয়নি। আগামী দু-এক দিন তেমন সম্ভাবনাও নেই।
সূত্রটি আরও জানিয়েছে, ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওই দিন রাজধানীতে কুয়াশা থাকার সম্ভাবনা নেই। তবে বিভাগের নদী অববাহিকা অঞ্চলে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। অবশ্য তা দীর্ঘস্থায়ী হবে না। অনুভূত তাপমাত্রা হতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া পুরো বিভাগেই মোটামুটি রোদ থাকতে পারে।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাংশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তিন বিভাগের কোনো স্থানেই বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসেও চলে যেতে পারে। এই বিভাগে সকালে দিকে কুয়াশা থাকলেও পরে তা কমে যেতে পারে।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগের নদী অববাহিকায় থাকতে পারে কুয়াশা।
উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের জেলাগুলোয় শীতের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে। এ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। ওই বিভাগের সর্বনিম্ন থাকতে পারে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখানে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা সকালের দিকে থাকলেও পরে তা কমে আসবে।
বরিশাল বিভাগ ও খুলনার দক্ষিণ অঞ্চলের সর্বনিম্ন ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
কালবেলা/টেলিগ্রাম
ভোটের দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া
🕙 প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:৪৭ পূর্বাহ্ণ

