বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হামের বিস্তার রোধে স্কুল বন্ধ ও তদন্ত কমিটি চেয়ে হাইকোর্টে রিট

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ৮:৪৭ পূর্বাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। ওই প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের মাত্রা, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া টিকাদান কর্মসূচিতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণে একটি স্বাধীন, সময়সীমাবদ্ধ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে। একইসঙ্গে কেন সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার করা হয়নি, তার ব্যাখ্যা আদালতের সামনে উপস্থাপনের দাবি জানানো হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়, টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, পর্যাপ্ত টিকার অভাব এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে ঘাটতি সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। এ অবস্থায় দেশব্যাপী জরুরি ভিত্তিতে হাম টিকাদান কর্মসূচি গ্রহণ এবং টিকা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি চলমান প্রাদুর্ভাবের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্পর্শ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতাকে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ