দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৮ মার্চ দু’দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় স্বর্ণের দাম কমানো হয়েছিল ৩৫ হাজার ৫৭৫ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় পর্যায়ে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার কারণেই দেশের বাজারে এ ধরনের মূল্য সমন্বয় দেখা যাচ্ছে।

