রবিবার

১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সম্পদ, দলীয়করণের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

🕙 প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ । ৯:২৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; এটি রাষ্ট্রের এক অমূল্য সম্পদ। রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। পাশাপাশি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে প্রশাসনিক অচলাবস্থা নিরসনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।

পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল এবং এর ন্যায়বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত দেড় দশকে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টার সমালোচনা করে তিনি বাহিনীকে জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।

ঢাকা সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

দরবারে প্রধানমন্ত্রী আগস্ট-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাহিনীর অবদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা রক্ষায় কাজ করার নির্দেশনা দেন। সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের বিভিন্ন সেনানিবাসের সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ