সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ পাসের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন আইনের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডার পদে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিভিল সার্ভিসের আওতার বাইরে অন্যান্য সরকারি চাকরিতেও এই বয়সসীমা প্রযোজ্য হবে।
এছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্বশাসিত সংস্থাগুলোর চাকরিতেও প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
তবে প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে বিলটিতে উল্লেখ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই আইন তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং সরকারি চাকরিতে অংশগ্রহণের ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে।

