জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে, যার মাধ্যমে সন্ত্রাসে জড়িত অভিযোগে রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার ক্ষমতা আরও জোরদার করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়টিও এই আইনের আওতায় বহাল থাকছে।
বুধবার (৮ এপ্রিল) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে এটি সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়।
নতুন সংশোধনের ফলে সরকার এখন থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। একইসঙ্গে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কার্যক্রম অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় কিংবা অন্য কোনো সহায়তা প্রদান করলে আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
এর আগে, গত বছরের ১১ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধনে একটি অধ্যাদেশ জারি করে, যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়। তখন সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছিলেন।

