সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান।
সচিবালয়ে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান। এ আকস্মিক সফরের মাধ্যমে সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিতের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

