বৃহস্পতিবার

৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে পাস সন্ত্রাসবিরোধী সংশোধনী: আপত্তির সুযোগ না পেয়ে সময় চাইলেও ব্যর্থ বিরোধীদল

🕙 প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ । ২:২৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিরোধীদলীয় নেতা শেষ মুহূর্তে সময় চাইলেও স্পিকার তা নাকচ করে দেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা গৃহীত হয়। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে।

সংসদের অধিবেশনে বিলটি উত্থাপনের পর দফাওয়ারি কোনো সংশোধনী না থাকায় এ বিষয়ে আলোচনা হয়নি। তবে বিলটি পাসের প্রস্তাব তোলার সময় ফ্লোর চান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিল-সংক্রান্ত তুলনামূলক নথি তারা মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন এবং এটি একটি স্পর্শকাতর আইন হওয়ায় কিছু সময় প্রয়োজন।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, আপত্তি জানানোর নির্দিষ্ট সময় রয়েছে এবং সেই সময় পেরিয়ে গেলে আর সুযোগ থাকে না। ফলে এ পর্যায়ে এসে সময় দেওয়ার সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধকরণ-সংক্রান্ত সংশোধনী এবং পূর্ববর্তী আইনকে শক্তিশালী করার অংশ। তিনি দাবি করেন, একটি আন্দোলনের প্রেক্ষিতে দেশে জনমত তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষাপটেই সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিলের দ্বিতীয় পঠনে সংশোধনী বা আপত্তি তোলা হলে আলোচনার সুযোগ থাকত।

শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর নেতাদের সব কার্যক্রম নিষিদ্ধ করে। পরবর্তীতে সেই অধ্যাদেশই সংসদে বিল আকারে পাস হলো।

তথ্যসূত্র: সংসদ টেলিভিশন

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ