বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজ থেকে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হলো।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে শহীদ হওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, সরকার জাতীয় সংসদকে তর্ক-বিতর্ক, মতবিনিময় এবং দেশের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। সংসদ কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কোনো বিরোধ নেই বলেও মন্তব্য করেন তিনি।

