সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনে পরিণত হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন নয়। সংবিধান অনুযায়ী এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই এবং বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে সংসদের কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় থাকে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিকভাবে এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এমন কোনো কাঠামো সংবিধানে যুক্ত করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। বিষয়টি সংসদে আলোচনা হবে এবং সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে পরবর্তীতে সেই অনুযায়ী পরিষদ গঠন, শপথ গ্রহণসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

