বুধবার

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান, তালিকা তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

🕙 প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ । ১০:০৮ পূর্বাহ্ণ

জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজধানীতে যারা চাঁদাবাজি, অস্ত্রধারণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দাগি আসামি— তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, অতীতের মতো তাবেদারি নয়, পুলিশকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনীতে পরিণত করা হবে।

তিনি বলেন, “এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করা উচিত। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে। ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না— পুলিশ চলবে আইনের গতিতেই।”

প্রশাসনিক শৃঙ্খলার বিষয়ে কড়া বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে হবে। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না— এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।”

রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিন্তা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ