দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রোগে ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের হাম নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ শিশুর মধ্যে হাম সংক্রমণের সন্দেহ করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২৪ জনের মধ্যে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলাভিত্তিক হিসাবেও ঢাকায় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যু হয়েছে ২১ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের এবং একই সময়সীমায় এ সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

