সোমবার

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

“জুলাই আছে বলেই আমরা আছি”—সব রাজনৈতিক শক্তিকে ‘জুলাই প্রোডাক্ট’ বললেন ডা. শফিকুর রহমান

🕙 প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ । ১২:২৭ অপরাহ্ণ

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দেশের সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” হিসেবে অভিহিত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের অস্তিত্বের কারণেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আছে বলেই আমরা আছি। জুলাই আছে বলেই সরকার ও বিরোধীদল আছে। আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’। জুলাই না থাকলে আমাদেরও অস্তিত্ব থাকত না।” তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না।

তিনি জানান, গণভোটের রায়ের মাধ্যমে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজনে আবারও আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছেন তারা। সম্প্রতি জুলাই শহীদ পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের আন্দোলনে আরও সক্রিয়ভাবে মাঠে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

“যতদিন জাতির অধিকারের পক্ষে লড়াই প্রয়োজন, ততদিন সংসদে থাকব,”—বলেন তিনি।

জামায়াত আমির জোর দিয়ে বলেন, এই আন্দোলন ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়, বরং জনগণের রায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই পরিচালিত হচ্ছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন চলছে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন সবার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো পারিবারিক শাসন বা ‘রাজতন্ত্র’ প্রতিষ্ঠা পাবে না।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ