জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন এবং মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

