জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোচনের আগেই সরকার ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
শনিবার (১৪ মার্চ) ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে এমন সব মানুষ একত্রিত হয়েছেন, যাদের প্রতি সমাজের মানুষের গভীর সম্মান রয়েছে। জীবনের নানা কঠিন সময়ে মানুষ যাদের কাছে ভালো পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করে।
তিনি বলেন, এ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতারাও উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করার লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি চালু করেছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে।
তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে চালু করা হবে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। পাশাপাশি আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে। এছাড়া ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচিও চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যাদের প্রয়োজন, তাদের সবাইকে পর্যায়ক্রমে এই সহায়তা দেওয়া হবে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি শক্তিশালী ভিত্তির ওপর দেশকে দাঁড় করাতে চায় সরকার, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী বা অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

