ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির একটি সূত্র জানায়, এক-এগারো সময়ের বিভিন্ন ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।
এর আগে, একই সূত্রে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তাদের জিজ্ঞাসাবাদ থেকেই আফজাল নাছেরের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে বলে জানা গেছে।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।
এক-এগারোর সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলটির কয়েকজন নেতার নির্যাতনের অভিযোগে অতীতে তার নাম আলোচনায় আসে। এছাড়া ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে, গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার একটি মামলায় আদালত তাকে প্রথমে পাঁচ দিনের এবং পরবর্তীতে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ধারাবাহিকতায় বুধবার শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি, যিনি বর্তমানে একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তদন্তের স্বার্থে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

