রবিবার

৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ ও বৈশাখ সামনে রেখে দোকান-শপিংমল খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত

🕙 প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৬ । ১১:১৯ পূর্বাহ্ণ

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও ব্যবসায়ীদের স্বস্তি দিতে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। পূর্বে নির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নতুন এ সময়সূচি আজ থেকেই কার্যকর হয়েছে।

এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সন্ধ্যা ৬টার সময়সীমা বহাল রাখার কথা বললেও ব্যবসায়ীদের জোরালো দাবির মুখে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, দেশে এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা পূরণের মতো পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে। নতুন কিছু উৎস থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জ্বালানি তেল সরবরাহে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে কৃষকদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবিকা এবং উৎসবকেন্দ্রিক কেনাকাটার বিষয় বিবেচনায় সময় বাড়ানোর দাবি জানানো হয়। নতুন এ সিদ্ধান্তে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে।

তবে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই কার্যক্রম চলবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ