মঙ্গলবার

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রায় কমলাপুরে জাল ট্রেন টিকিটের দৌরাত্ম্য, ভোগান্তিতে যাত্রীরা

🕙 প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ । ৬:৩৫ পূর্বাহ্ণ

ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কমলাপুর রেলস্টেশনে জাল ট্রেন টিকিটের ঘটনা বেড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে স্টেশনের প্রবেশমুখ ও ট্রেনের ভেতরে তল্লাশিকালে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিক ভুয়া অনলাইন টিকিট শনাক্ত করেছে।

কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু যাত্রী কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করা টিকিটের পিডিএফ কপি দেখালে যাচাই করে দেখা যায়, একই টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। এতে করে স্টেশনে এসে বিপাকে পড়ছেন যাত্রীরা।

সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ছাড়ার সময় একই আসনের টিকিট নিয়ে তিন যাত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে জালিয়াতির বিষয়টি সামনে আসে। পরে যাচাই করে দেখা যায়, তিনজনের মধ্যে মাত্র একজনের টিকিট বৈধ, বাকি দুজনেরটি জাল।

ভুক্তভোগী যাত্রী জুবায়ের হাসান জানান, তিনি একটি কম্পিউটারের দোকান থেকে টিকিট কিনেছিলেন এবং সেটি যে ভুয়া, তা আগে বুঝতে পারেননি। পরে জরিমানা দিয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে গন্তব্যে রওনা হতে হয়েছে।

কমলাপুর স্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিটিই বলেন, জালিয়াতি রোধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। ভুয়া টিকিট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাত্রীদের জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, ঈদের ছুটি শুরু হওয়ায় স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় সব ট্রেনই নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। অনেককে বগির ভেতরে ও দরজায় দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে দেখা গেছে।

সকালে ছেড়ে যাওয়া ‘নীলসাগর এক্সপ্রেস’-এর ছাদে কিছু যাত্রী উঠলেও পরবর্তী ট্রেনগুলোতে ছাদে যাত্রী ওঠা ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে ১৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৪৫ মিনিট দেরিতে ছেড়ে গেলেও অন্যান্য ট্রেনগুলো প্রায় সময়মতোই যাত্রা শুরু করেছে।

স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়ায় নির্ধারিত সময়ের সামান্য দেরিতেও অনেক যাত্রী ট্রেন মিস করছেন। যেমন, হাসান মাহমুদ নামের এক যাত্রী বুড়িমারী এক্সপ্রেসের টিকিট থাকা সত্ত্বেও মাত্র পাঁচ মিনিট দেরিতে এসে ট্রেন ধরতে পারেননি।

সব মিলিয়ে কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা ঘিরে একদিকে স্বস্তি, অন্যদিকে জাল টিকিটসহ নানা বিড়ম্বনায় ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ