দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি মিলছে।
সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, ইস্টার সানডের আগের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ছুটির এই ধারাবাহিকতা তৈরি হয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা একটানা তিন দিন অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছেন।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরীগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নির্ভরতা নয়; বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে প্রথাগত শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান এবং ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার সমন্বয় করা হবে। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি সময় অনলাইনের মাধ্যমে পাঠ গ্রহণ করবে।
সভায় প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

