ইরানের কাছে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করলে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে কোনো ধরনের ব্যতিক্রম বা ছাড় দেওয়া হবে না। ঘোষণার সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
একই বার্তায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। তবে এ প্রক্রিয়ার মধ্যেও তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দেন তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।
সূত্র: আল-জাজিরা

