রাত পোহালেই নির্বাচন। তার আগের ভোরেই নওগাঁর বদলগাছী উপজেলায় পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে বোমা ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আক্কেলপুরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি দোকানের সামনে সন্দেহজনক সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে জানানো হলে যৌথভাবে তল্লাশি চালানো হয়। পরে কাচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
দুপুর ১২টার দিকে নিরাপদ স্থানে নিয়ে বিশেষ কৌশলে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। কাল ভোট, আজ বোমা উদ্ধার—ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।
জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, উদ্ধার করা পেট্রোলবোমাগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য নাশকতা এড়ানো গেছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
ইত্তেফাক/কালবেলা
নওগাঁয় সড়কের পাশ থেকে ৫ পেট্রোলবোমা উদ্ধার
🕙 প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ

