বুধবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে গৃহবধুকে পৈশাচিক কায়দায় হত্যার অভিযোগ

🕙 প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:২২ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও সতীনের বিরুদ্ধে।
নিহতের স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনা মিলে সখিনাকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে এবং শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনার সাথে তার বিরোধ তুঙ্গে ওঠে। এই কলহের জেরে সোমবার রাত থেকেই সখিনার ওপর অমানবিক নির্যাতন চালায় সাইফুল ও তার নববিবাহিত স্ত্রী সাবিনা।
নির্যাতনের একপর্যায়ে সখিনার মাথার চুল কেটে তাকে চরমভাবে অপদস্থ করা হয়।
মঙ্গলবার সকালে সখিনা পানি পান করতে চাইলে অভিযুক্তরা কৌশলে পানির বদলে বিষমিশ্রিত শরবত তাকে পান করায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই সখিনার মৃত্যু হয়।
নিহতের মেয়ে যদি আক্তার জানান, শরবতের সাথে আমার মাকে বিষ মিশিয়ে খাওয়ায়। ওই শরবত খাওয়ার কিছুক্ষণ পরেই মুখ দিয়ে ফেনা বের হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আমার মা মারা যায়। এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
ঘটনার পরপরই ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে গ্রেপ্তার করেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ