জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার মানিকগঞ্জে সফলভাবে অনুষ্ঠিত হলো “নবায়নযোগ্য জ্বালানির পথে সাইকেল র্যালি” – “Cycling Towards Just Energy Transition” শীর্ষক সাইকেল র্যালি। র্যালিতে অংশগ্রহণকারীরা আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের প্রতি জ্বালানির ন্যায্য রূপান্তর নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নীতিগত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
র্যালিটি সকাল ৮টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে শুরু হয়ে মানিকগঞ্জ ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত সাইক্লিস্ট এর হাতে রঙ-বেরঙের সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়। তার কয়েকটিতে লেখা ছিল, “এই সময়ে প্রয়োজন, জাস্ট এনার্জি ট্রানজিশন”, “নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে”, “সাইকেলে চেপে এগোই, জাস্ট এনার্জি ট্রান্সিশন আনবোই”, “প্যাডেলে প্যাডেলে পরিবর্তন—ন্যায্য জ্বালানির পথে আগমন” ইত্যাদি।
নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (উই) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ র্যালি জনসচেতনতা বৃদ্ধিতে একটি অনন্য ভূমিকা রাখে বলে জানান অংশগ্রহণকারীরা।
র্যালি বাস্তবায়নে মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সহায়তায় বিশেষ অবদান রাখে উই-নেট–এর সদস্য সংগঠন আনকোরা। স্থানীয় সাইক্লিস্ট, তরুণ-তরুণী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য রূপান্তরের পক্ষে এক অভিন্ন অবস্থান তুলে ধরেন।
অধিকাংশ নারী-প্রধান সংগঠন নিয়ে গঠিত উই-নেট হল: উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি নেটওয়ার্ক। এটি নারীর দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান, নারী-নেতৃত্বাধীন উদ্যোগের সহায়তা এবং ন্যায্য জ্বালানি নীতির পক্ষে সমন্বিত অ্যাডভোকেসি জোরদার করবে। এ লক্ষ্যে নাগরিক সমাজ সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানানো হবে।
উই-নেট এর উদ্দেশ্য হলো ন্যায্য জ্বালানি রূপান্তরে নারীর নেতৃত্ব ও সক্ষমতা শক্তিশালী করা, নারী-নেতৃত্বাধীন নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগের জন্য সরকারি-বেসরকারি অর্থায়নে সহায়তা নিশ্চিত করা, এবং জেন্ডার সংবেদনশীল নবায়নযোগ্য জ্বালানি নীতি ও পরিকল্পনার পক্ষে জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম ও যৌথ উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত হয়ে কার্যকর পক্ষসমর্থন করা।
এ ধরনের উদ্যোগ জ্বালানি খাতে টেকসই পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আরও সচেতনতা ও অংশগ্রহণ তৈরি করবে বলে উপস্থিত ব্যক্তিবর্গ ও আয়োজকরা মনে করেন।
নবায়নযোগ্য জ্বালানিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতে মানিকগঞ্জে সচেতনতামূলক সাইকেল র্যালি
🕙 প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:২১ পূর্বাহ্ণ

